ফের ক্ষমতায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রার্থনায় হুগলীতে মহাযজ্ঞ
দি নিউজ লায়ন ; তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আবার ক্ষমতায় এসে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করবেন সেই প্রার্থনায় শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহাযজ্ঞ করার আয়োজন করা হয় হুগলীর পুড়শুড়ায়। হুগলী জেলার পুড়শুড়া ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ডিহিবাতপুর গ্রামে দক্ষিনেশ্বরী কালী মন্দিরে শনিবার বেলা এগারোটা নাগাদ পূজো দিয়ে মহাযজ্ঞ শুরু হয়।
তৃতীয় বারের জন্য মমতা ব্যানার্জীকে ক্ষমতায় নিয়ে আসার জন্য প্রার্থনা করে মন্ত্র পাঠ করা হয়।প্রায় তিন ঘন্টা ধরে যজ্ঞ ও পূজার্চনা হয়। পুজোর শেষে উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হুগলী জেলার সভাপতি দিলীপ যাদব সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসের হুগলী জেলার সভাপতি দিলীপ যাদব বলেন আগামী ২৫ শে জানুয়ারি পুড়শুড়ার সেকেন্দারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। সেই জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
তার যেমন প্রস্তুতি চলছে। ঠিক সেইসময় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে রাজ্যে ক্ষমতায় নিয়ে আসার জন্য মায়ের কাছে প্রার্থনা করে পূজা ও যজ্ঞ শনিবার করা হয়। মায়ের কাছে আমরা প্রার্থনা করেছি ক্ষমতায় আসার পর রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করতে পারবেন।
তাই বাংলার মানুষ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে ক্ষমতায় নিয়ে এসে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এর মঙ্গল কামনা করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলায় তৃতীয় বার ক্ষমতায় নিয়ে আসার জন্য শনিবার যজ্ঞ ও পূজার আয়োজন করা হয়েছিল বলে তিনি জানান।

Post a Comment